জনগণের আর্থিক অবস্থার উন্নতির জন্য গ্রামের সকল বন-নির্ভর জনগোষ্ঠীকে কঠোর পরিশ্রম করতে হবে। একসাথে কাজ করার সময় কিছু গুরুত্বপূর্ণ নীতি অনুসরণ করলে তারা অভীষ্ঠ লক্ষ্য অর্জনে সফল হবে। এ নীতিগুলোকে ’কোর ভ্যাল্যু’ বলা হয়। জনগণ সিদ্ধান্ত নেবে যে, গ্রামের সকল সুবিধাভোগীগণ তাদের কাজে কোর ভ্যাল্যু মেনে চলবেন। এই নীতিগুলো নিম্নরুপ:
- প্রকল্পের সুবিধাভোগীরা নিজেদের উন্নয়নের জন্য সকলে মিলে কাজ করবে। জনগণ পৃথক পৃথকভাবে দরিদ্র হলেও সকলে যদি একতাবদ্ধ থাকে তখন বড় সফলতা অর্জন করা সম্ভব।
- নিজেদের সমস্যা নিজেরা সমাধানে সচেষ্ট হবে এবং শুধু প্রয়োজনে অন্যের সাহায্য নেবে। নিজেদের সমস্যা নিজেরাই সমাধানের মাধ্যমে সক্ষমতার উন্নয়ন হবে। এভাবে তারা সমস্যা সমাধানে অতি প্রত্যাশিত ও উপযুক্ত সমাধান খুঁজে পাবে।
- সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। প্রকল্পের সুবিধাভোগীগণকে নিজেদের কাজ সম্পর্কে জানতে হবে কেননা তাদের কাজের জন্য তারা সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা কমিটির কাছে জবাবদিহি করবে। সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য সকল উপ-কমিটি যথা: বন নিরাপত্তা ও সংরক্ষণ কমিটি (এফপিসিসি), সামাজিক নিরীক্ষা কমিটি (এসএসি), অর্থ ও হিসাব কমিটি (এফএসি), ক্রয় কমিটি (পিসি) এবং ঋণ ও সঞ্চয় কমিটি (ভিসিএসসি) কে একসাথে কাজ করতে হবে।
- সংখ্যাগুরু সদস্যগণের মতামতের ভিত্তিতে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রকল্পের সুবিধাভোগীগণ একে অপরকে জানে, তাই তাদের একে অপরকে সম্মান করতে হবে এবং অপরের কথা শুনতে হবে। এমন কি মতপার্থক্য থাকলেও সংখ্যাগুরু সদস্যের মতামতের সাথে একমত হবে এবং তা অনুসরণ করবে। নিজেদের লাভ, সর্বোপরি বন নির্ভর জনগোষ্ঠীর সার্বিক কল্যাণ নিশ্চিত করার জন্য এটি প্রয়োজন।
- সকল বন নির্ভর জনগোষ্ঠীর সমান অধিকার ও সুযোগ রয়েছে। দরিদ্র নারী, যুব, ঝুঁকিগ্রস্থ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল বন নির্ভর জনগোষ্ঠীর প্রকল্পের কাজে অংশ গ্রহণের এবং প্রকল্পের সুবিধা ভোগ করার পাশাপাশি নিজস্ব সম্পদ ব্যবহার করার সমান অধিকার ও সুযোগ রয়েছে।
- সুবিধাভোগীগণ সকল কাজে পরস্পর শ্রদ্ধাশীল ও সৎ থাকবে। যেহেতু তারা তাদের কাজে সৎ থাকবে সেহেতু বনের বিট পর্যায়ে বন-নির্ভর গ্রামসমূহের সকল বন নির্ভর জনগোষ্ঠী প্রতিটি কাজে পরস্পরের প্রতি বিশ্বাস, বোঝাপড়া ও সমন্বয়ের উন্নয়নে সহায়তা করবে।
- প্রকল্পের সুবিধাভোগীগণ সামর্থ্য অনুযায়ী সঞ্চয় করবে এবং যথাসময়ে ঋণ পরিশোধ করবে। ঋণ ও সঞ্চয় কমিটির নিকট প্রকল্পের অংশীজনেরা ব্যক্তিগত সঞ্চয় জমা করবে এবং সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী জীবিকা উন্নয়ন কাজে গৃহীত ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ করবে।
- সম্মত পরিকল্পনা অনুযায়ী সকল কাজ শেষ করবে। সম্মত পরিকল্পনা অনুযায়ী যথাযথভাবে তারা কাজ বাস্তবায়ন করবে। কাজের জন্য নির্ধারিত বাজেট, সময় এবং অন্যান্য শর্তাবলীর বিষয়ে কঠোর হবে।
- সুবিধাভোগীগণ নিজেদের সম্পদ বিজ্ঞতা ও সততার সাথে ব্যবহার করবে। সুবিধাভোগীগণ নিজেদের তহবিল, তাদের সক্ষমতা ও প্রাকৃতিক সম্পদ অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম তা থেকে লাভবান হতে পারে। একই সাথে তারা অবৈধভাবে গাছ কাটা ও বনভূমি জবরদখল করা থেকে বিরত থাকবে।
- প্রাকৃতিক দুর্যোগের সময় তারা নিজেরা নিরাপদ স্থানে আশ্রয় নিবে এবং অপরকেও আশ্রয় নিতে সহায়তা করবে।

